নতুন বিজেপি সরকারের প্রতি আস্থা, বিধায়ককে সংবর্ধনা ও স্মারকলিপি পার্শ্বশিক্ষকদের
Purulia (Somnath Gope) : দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এবার স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেন পাড়া বিধানসভা এলাকার প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক পার্শ্বশিক্ষকেরা। বৃহস্পতিবার ‘পাড়া বিধানসভা পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ’-এর উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক নদীয়ার চাঁদ বাউরিকে ফুল ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধানের আবেদন জানিয়ে তাঁর হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়।
পার্শ্বশিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা উপযুক্ত বেতন, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। তবে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর তাঁদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আন্দোলন বা সংঘাতের পথে না গিয়ে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চান তাঁরা।
স্মারকলিপিতে মূলত চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলি হল— সমকাজে সমবেতন ও স্থায়ী বেতন কাঠামো চালু করা, শিক্ষকদের প্রাপ্য সামাজিক মর্যাদা নিশ্চিত করা, মহিলা শিক্ষিকাদের জন্য চাইল্ড কেয়ার লিভ (CCL) চালু করা এবং আপার প্রাইমারিতে 10 শতাংশ সংরক্ষণের মাধ্যমে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা। সংগঠনের প্রতিনিধি রামকৃষ্ণ পান্ডে বলেন, “বিগত দিনে পার্শ্বশিক্ষকেরা চরম বঞ্চনার শিকার হয়েছেন। তবে এখন রাজ্য ও কেন্দ্রে একই আদর্শের সরকার থাকায় আমরা আশাবাদী। এলাকার বিধায়কের কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের ন্যায্য দাবিগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে দেবেন।”
মঞ্চের সদস্যা মৌসুমী তিওয়ারি বলেন, “মহিলা শিক্ষিকাদের সিসিএল না পাওয়া এবং সমকাজে সমবেতন না হওয়া দীর্ঘদিনের সমস্যা। বিধায়ক আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এতে আমরা আশাবাদী।” এ প্রসঙ্গে বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি বলেন, “পার্শ্বশিক্ষকদের দাবিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুক্তিসঙ্গত। এখনও নতুন মন্ত্রিসভা গঠন হয়নি। মন্ত্রিসভা গঠনের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”


