সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ সচেতনতার অভিনব উদ্যোগ, খুদে পড়ুয়া ও শ্রমিকদের শপথ বাক্য পাঠ করালেন মন্ত্রী ও জিএম

Purulia (Somnath Gope) : আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্র জুড়ে পরিবেশ সুরক্ষার এক ব্যাপক কর্মসূচি লক্ষ্য করা গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী আহ্বান “এক বৃক্ষ মায়ের নামে” স্লোগানকে সামনে রেখে আজ সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্তে চারাগাছ রোপণ কর্মসূচির নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রী নাদিয়ার চাঁদ বাউড়ি। এদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় সকালবেলা বিসিডব্লিউ পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণ থেকে। সেখান থেকে মন্ত্রী সরাসরি পৌঁছান সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র (STPS) প্ল্যান্টে। শিল্পাঞ্চলে পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং কারখানার চারপাশ সবুজ বলয়ে মুড়ে ফেলার উদ্দেশ্যে সেখানে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্ল্যান্টের জেনারেল ম্যানেজার অভিজিৎ নন্দী সহ তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য শীর্ষ আধিকারিক ও উচ্চপদস্থ কর্তারা।
এদিনের কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়টি ছিল ভবিষ্যৎ প্রজন্ম এবং কারখানার কর্মীদের পরিবেশ রক্ষায় এক সুতোয় বেঁধে ফেলা। সেখানে উপস্থিত স্থানীয় একাধিক স্কুলের ছাত্রছাত্রী এবং কারখানার সাধারণ কর্মচারীদের নিয়ে একটি বিশেষ পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। যেখানে খোদ প্রতিমন্ত্রী নাদিয়ার চাঁদ বাউড়ি এবং জেনারেল ম্যানেজার অভিজিৎ নন্দী যৌথভাবে উপস্থিত সকলকে পরিবেশ রক্ষা, চারাগাছ রোপণ এবং রোপিত গাছকে নিজের সন্তানের মতো বাঁচিয়ে রাখার এক দীপ্ত শপথ বাক্য পাঠ করান। খুদে পড়ুয়াদের হাত ধরে এই গণ-শপথ গ্রহণ অনুষ্ঠানটি গোটা শিল্পাঞ্চলে এক নজিরবিহীন আবহের সৃষ্টি করে।
আজকের এই অভিযানে প্রতিমন্ত্রীর পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হন কারখানার উচ্চপদস্থ আধিকারিক, কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্ল্যান্টের জেনারেল ম্যানেজার, অন্যান্য পদস্থ কর্মকর্তারা প্রথম সারিতে থেকে যৌথভাবে প্ল্যান্ট চত্বরে চারাগাছ রোপণ করেন এবং উপস্থিত শ্রমিকদের হাতে চারাগাছ তুলে দেন। প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব, যার মধ্যে ছিলেন বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি পাড়ার দুই মণ্ডল সভাপতি জয়দেব মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল, মণ্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী, ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS) ইউনিটের দুই সম্পাদক অভিষেক দাস ও মজিদ আনসারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রী নাদিয়ার চাঁদ বাউড়ি বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আহ্বান— ‘এক বৃক্ষ মায়ের নামে’, তাকে সামনে রেখেই আজ আমাদের এই সুসংহত অভিযান। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বড় শিল্পাঞ্চলে আজ আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হচ্ছি না, বরং এখানকার শ্রমিক ভাইদের এবং স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এই চারাগাছগুলিকে বাঁচিয়ে রাখার শপথ নিয়েছি। গাছ আমাদের মায়ের মতো রক্ষা করে, তাই মায়ের নামেই এই সবুজায়নের অঙ্গীকার।


