গিরিডিতে গ্রেপ্তার 1 কোটি টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা মিসির বেসরা, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
Ranchi: ঝাড়খণ্ড পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার যৌথ নকশাল-বিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 1 কোটি টাকা পুরস্কার ঘোষিত শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা কে গিরিডি-ধানবাদ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সংগঠনের সক্রিয় সদস্য মোছু, সৌরভ ওরফে গৌরব এবং আরও দুই গ্রামবাসীকেও আটক করা হয়েছে। বর্তমানে সকলকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা সংস্থাগুলি।
দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপের অন্যতম প্রধান সংগঠক হিসেবে পরিচিত ছিলেন মিসির বেসরা। হত্যা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, বিস্ফোরণ, চাঁদাবাজি এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার তার মাথার ওপর মোট 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।
নিরাপত্তা সংস্থার দাবি, কোলহান, সারান্ডা ও পরশনাথ অঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদী নেটওয়ার্ক পরিচালনা এবং সংগঠনের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। সাম্প্রতিক সময়ে তার একাধিক ঘনিষ্ঠ সহযোগীর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের ফলে সংগঠনের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছিল। গ্রেপ্তার হওয়া মোছু ও সৌরভ ওরফে গৌরবও মাওবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পাশাপাশি আটক দুই গ্রামবাসীর ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তারা কী ধরনের সহযোগিতা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা সংস্থার মতে, মিসির বেসরার গ্রেপ্তার ঝাড়খণ্ডে মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা। তার জিজ্ঞাসাবাদ থেকে সংগঠনের শীর্ষ নেতৃত্ব, অস্ত্র সরবরাহ চক্র, চাঁদাবাজির নেটওয়ার্ক এবং সক্রিয় মাওবাদীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে। পুলিশ শীঘ্রই সকল অভিযুক্তকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে।
সৌজনে: প্রভাত মন্ত্র



