বুদ্ধ পূর্ণিমায় মা বাঘেশ্বরী পূজা, প্রস্তুতি বৈঠক সম্পন্ন বারাদ্বারীতে
Jamshedpur: সুবর্ণ বণিক সমাজের রাজ্য, জেলা ও শাখা কমিটির যৌথ উদ্যোগে বারাদ্বারী স্থিত সমাজ ভবনে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রবি মাঝি। আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও 1 লা মে, শুক্রবার বারাদ্বারী ময়দানে শ্রী শ্রী মা বাঘেশ্বরী দেবীর পূজা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, 30 এপ্রিল, বৃহস্পতিবার বারাদ্বারী সমাজ ভবনে জাঁকজমকের সাথে দেবীর প্রতিমা স্থাপন করা হবে। পরদিন 1 লা মে সকাল 7টায় স্বর্ণরেখা নদীর ঘাট থেকে প্রতিমা আগমনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হবে। পূজা শেষে বিকেলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লাক্কি ড্র ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হবে স্বর্ণরেখা নদীর ঘাটে, যেখানে সম্পন্ন হবে প্রতিমা বিসর্জন। একই সঙ্গে কদমার কেডি ফ্ল্যাটে অবস্থিত মা বাঘেশ্বরী ভবন এবং নির্মল নগর ভূঁইয়ান্ডিতেও সংশ্লিষ্ট শাখার উদ্যোগে দেবীর পূজা আয়োজিত হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সুবর্ণ বণিক সমাজের রাজ্য সভাপতি সঞ্জয় পোদ্দার, সেক্রেটারি দীপক দত্ত, রবীন্দ্রনাথ দে, বিশ্বনাথ চন্দ্র, নিতাই দত্ত, ডাঃ কে এল পাল, সমীর দত্ত, বিজয় চন্দ্র, সঞ্জয় দত্ত, সনোজ চন্দ্র, সনাতন চন্দ্র, নির্মল চন্দ্র, উজ্জ্বল দাস, নিরঞ্জন মাঝি, কান্নান রাজন, প্রদীপ চন্দ্র, মহাদেব সেন, শম্ভু সেটোয়া, দুর্গা দত্তসহ সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।






























