বাজেটের সমর্থনে পাড়া বিধানসভার 3 নম্বর মণ্ডলে বিজেপির ধন্যবাদ জ্ঞাপন মিছিল
Purulia (Somnath Gope): পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ও তার সফল রূপায়নকে স্বাগত জানিয়ে পাড়া বিধানসভার 3 নম্বর মণ্ডলে ধন্যবাদ জ্ঞাপন মিছিল করল ভারতীয় জনতা পার্টি। জেলা নেতৃত্বের নির্দেশ অনুসারে, আজ, শুক্রবার বিকেল ৪টের সময় 3 নম্বর মণ্ডলের পাহাড়ি গোড়া মোড় এলাকায় এই বিশাল মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে মূল নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি, 3 নম্বর মণ্ডল সভাপতি জয়দেব মণ্ডল এবং মণ্ডল সাধারণ সম্পাদক দীনেশ চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া জেলা বিজেপির নির্দেশ মেনেই আজ 26শে জুন এই ধন্যবাদ জ্ঞাপক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী পাড়ার 3 নম্বর মণ্ডলের অন্তর্গত সমস্ত স্তরের কর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আজকের এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে উপস্থিত ছিলেন মণ্ডলের অন্যান্য পদাধিকারী, মোর্চার সভাপতিগণ, অঞ্চল কনভেনার, শক্তি কেন্দ্রের প্রমুখ, ইনচার্জ ও লিডাররা। এছাড়াও প্রতিটি বুথের সভাপতি ও সাধারণ কর্মীরা ব্যানার এবং ফ্লেক্স হাতে মিছিলে শামিল হন।
নেতৃত্বের দাবি, সরকারের এই বাজেট অত্যন্ত সফল এবং কার্যকরী। এই বাজেটের জনমুখী সিদ্ধান্তগুলি যাতে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় এবং জনমানসে এর সুপ্রভাব বজায় থাকে, সেই উদ্দেশ্যেই 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা মিছিলের আয়োজন।




