জামশেদপুরে চার দিনের প্রাক-পূজা প্রদর্শনীর সূচনা করল কলকাতার “এনিগমা”

Jamshedpur: কলকাতার প্রসিদ্ধ মহিলা পরিচালিত সংস্থা “এনিগমা”-র উদ্যোগে জামশেদপুরের সাকচির বেঙ্গল ক্লাবে শুরু হল চার দিনের বিশেষ প্রাক-পূজা প্রদর্শনী। শনিবার, 26শে জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে মঙ্গলবার, 29শে জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবিকা পূরবী ঘোষ। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করে তিনি “এনিগমা” সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের পদক্ষেপ মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংস্থার প্রধান, এলিট্রা সিন্হা মুখার্জি জানান যে, জামশেদপুরে এটি তাদের চতুর্দশ আয়োজন। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। প্রদর্শনীতে কলকাতা ও জামশেদপুরের 30 জন উদ্যোগপতি তাদের স্টল দিয়েছেন। এবারের প্রদর্শনীতে মহিলাদের জন্য শাড়ি, কুর্তি, গহনার বিপুল সম্ভার ছাড়াও পুরুষদের জন্যও বিশেষ কালেকশন রাখা হয়েছে। কলকাতা এবং জামশেদপুরের বিশিষ্ট কারিগরদের হাতে তৈরি নানা ধরনের পোশাক ও অন্যান্য সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের বিশেষজ্ঞরা। এছাড়াও, দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।



